দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আছড়ে পড়া শক্তিশালী টাইফুন (ঘূর্ণিঝড়) রাইয়ে আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭৫ জনের প্রাণ গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচশ জন। আর নিখোঁজ আছেন কমপক্ষে ৫৬ জন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে করা প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ফ্রান্সের অনলাইন মিডিয়া ফ্রান্স-২৪। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাতে করা প্রতিবেদনে এএফপি বলছে, প্রলয়ঙ্করী ঝড়টি আসার পর এখন পর্যন্ত তিন লাখেরও অধিক মানুষ নিজেদের বাড়িঘর ও সমুদ্র তীরবর্তী রিসোর্টগুলো ছেড়ে আপৎকালীন আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন।
দেশটির জাতীয় আবহাওয়া দফতরের তথ্য মতে, গেল বৃহস্পতিবার সিয়ারগাও দ্বীপে রাই নামে টাইফুনটি যখন আছড়ে পড়েছিল, সে সময় দ্বীপটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল)। শুক্রবার সকালে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
মাত্র দুই দিনের ঝড়ের তাণ্ডব ও প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস এবং গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফিলিপাইনের গোটা মধ্য ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ সড়ক। প্রবল বাতাসের কারণে অসংখ্য ভবন ও বাড়িঘরের ছাদ-দরজা-জানালা উড়ে গেছে।
আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রসের ফিলিপাইন শাখা বিবৃতির মাধ্যমে বলছে, টাইফুন রাইয়ের চালানো তাণ্ডবের কারণে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে যে ধ্বংসযজ্ঞ চলেছে- তাকে কেবল ‘পূর্ণাঙ্গ হত্যালীলার’ সঙ্গেই তুলনা করা সম্ভব।
রেডক্রস কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান রিচার্ড গর্ডন এক বার্তায় বলেন, উপকূলীয় অঞ্চলে বাড়িঘর, হাসপাতাল, স্কুল কমিউনিটি ভবন- কোনো কিছুই অক্ষত নেই।
শক্তিশালী এই ঝড়ের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের অন্যতম আকর্ষণীয় পর্যটন দ্বীপ বোহল। দ্বীপটিতে মৃত্যুবরণ করেছেন মোট ৭৪ জন। সোমবার (২০ ডিসেম্বর) ফেসবুক পোস্টের মাধ্যমে তথ্যটি জানিয়েছিলেন বোহলের গভর্নর আর্থার ইয়াপ।
এছাড়া টাইফুনের কারণে ব্যাপক বিপর্যয় ঘটেছে- দিনাগাত, সিয়ারগাও ও মিন্দানাও দ্বীপে। শক্তিশালী ঝড়ো বাতাস, প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিদ্যুৎ ও মোবাইল টাওয়ার উপড়ে যাওয়া ও সড়গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের কয়েক কোটি মানুষ।
এমনকি উপদ্রুত অঞ্চলগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু করেছে ফিলিপিন সরকার। সামরিক বাহিনী, পুলিশ ও কোস্টগার্ডের কয়েক হাজার সদস্য এরই মধ্যে এই তৎপরতায় যোগ দিয়েছেন।
ফিলিপাইনের রেডক্রস বলছে, টাইফুন রাইয়ের আঘাতে উপকূলীয় এলাকা ‘পুরোপুরি লণ্ডভণ্ড’ হয়ে গেছে। দেশটির রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানিয়েছিলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী এই টাইফুনের তাণ্ডবে বাড়ি-ঘর, হাসপাতাল, স্কুল এবং কমিউনিটি ভবন টুকরো টুকরো হয়ে গেছে।
এছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিনাগাতের কর্মকর্তারা বলেছেন, এই প্রদেশে প্রথম আঘাত হানে টাইফুন রাই। দিনাগাতের প্রধান তথ্য কর্মকর্তা জেফরি বলেছেন, শক্তিশালী টাইফুনের আঘাতে দ্বীপটির দক্ষিণের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত ফিলিপাইনে প্রায়ই প্রলয়ঙ্করী টাইফুন আঘাত হানে। দুর্যোগ-প্রবণ এই দেশটিতে ২০১৩ সালে টাইফুন হাইয়ান তাণ্ডব চালিয়ে ছয় হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। ওই টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় আরও লাখ লাখ মানুষ।
বিশ্লেষকদের মতে, চলতি বছর ফিলিপাইনে আঘাত হানতে যাওয়া এটি ১৫তম ঝড়; যা সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে দেশটির বায়ুমণ্ডলীয়, ভূ-ভৌতিক এবং জ্যোতির্বিদ্যা পরিষেবা প্রশাসন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রসের স্থানীয় প্রধান আলবার্তো বোকানেগ্রা বলেন, এই দানবীয় ঝড়টি খুবই ভীতিকর। যা দেশটির উপকূলের বাসিন্দাদের মারাত্মক হুমকির মুখে ফেলেছে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটি সাত হাজার ছয়শরও বেশি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ। বছরে প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেখে। যার ফলে বন্যা এবং ভূমিধস হয়। তবে দেশটির জলবায়ুবিদরা জানিয়েছেন, ফিলিপাইনের এযাবৎকালের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী টাইফুন ছিল রাই।